হাইকোর্টের ভুয়া আদেশ জমা দেওয়া পৌর মেয়র বরখাস্ত

প্রশান্তি ডেক্স ॥  বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি মনোনীত মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ জমা দিয়ে ১০ বছর একটি দুর্নীতির মামলা স্থগিত রাখার অভিযোগ পাওয়া যায়। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর অনুলিপি অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), যুগ্ম সচিব (নগর উন্নয়ন-২), বগুড়ার জেলা প্রশাসক, পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র, প্যানেল মেয়র-১ ছাড়াও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পত্রটি পৌর মেয়রের কাছে প্রেরণ নিশ্চিত করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি মনোনীত মেয়র জাহাঙ্গীর আলম

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধ আইনের মামলা আদালতে গৃহীত হয়েছে।

সরকার মনে করে, মেয়র কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ জমা দিয়ে ১০ বছর একটি দুর্নীতির মামলা স্থগিত রাখার অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে বগুড়ার স্পেশাল জজ আদালতের সপক্ষে সঠিক কাগজপত্র জমা দিতে মেয়র জাহাঙ্গীর আলম ও মামলার বাদী সাবেক মেয়র বেলাল হোসেনকে নির্দেশ দিয়েছেন।

মেয়র জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ‘আমাকে বরখাস্ত করা হয়েছে বিষয়টি লোকমুখে শুনেছি। অফিসিয়ালভাবে এখনো কোনো চিঠি হাতে পাইনি।’

বগুড়ার স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.