ইরান ইস্যুতে ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে সামরিক বিকল্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তবে আলোচনায় সমঝোতা না হলে তাঁর হাতে সামরিক বিকল্পও রয়েছে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, আসন্ন আলোচনায় কোনও সমঝোতা সম্ভব কি না। তা দেখার জন্য অপেক্ষা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, বিশ্বের যেকোনও দেশ মিত্র হোক বা প্রতিপক্ষ, সব ক্ষেত্রেই প্রেসিডেন্টের প্রথম পছন্দ কূটনীতি। তবে তিনি  জোর দিয়ে বলেছেন, ইরানের ক্ষেত্রে ট্রাম্প শূন্য পারমাণবিক সক্ষমতা চান। লেভিট আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট দেখতে চান আলোচনা থেকে কোনও চুক্তি বের হয় কি না, কিন্তু একই সঙ্গে ইরানকে মনে রাখতে হবে যে কূটনীতির বাইরে যুক্তরাষ্ট্রের হাতে আরও বিকল্প রয়েছে।

আলোচনার এজেন্ডা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হোক। তবে ইরান বলছে, আলোচনা শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকতে হবে। এই মতবিরোধ আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, তেহরান ন্যায্য, সম্মানজনক ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে আলোচনায় অংশ নেবে। মাসকাটে তাঁর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্ল্লেখ্য, গত শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বাড়ানোয় অঞ্চলজুড়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প নিজেই এই সামরিক সমাবেশকে ‘বিশাল আর্মাদা’ বলে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.