ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ আসন্ন নির্বাচনকে ঘিরে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা শান্তিতে ছিলাম না। আমাদেরকে প্রায়ই জেলে যেতে হয়েছে। এবার দেশে একটা ভালো নির্বাচন হবে যেখানে সবাই ভোট দিতে পারবে। ভোট দিয়ে ভালো একটি দলকে নির্বাচিত করতে পারবে।

মহাসচিব বলেন, আমাদের শেকড় থেকে দেখা উচিত। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের জন্য। এ যুদ্ধ আমাদের অস্তিত্ব। এর মাধ্যমে আমাদের একটা স্বাধীন দেশ ও স্বাধীন ভূখন্ড পেয়েছি। কিন্তু একটি গোষ্ঠী ঐ একাত্তরকে পিছনে ফেলে দিতে চায়।

তিনি বলেন, ভোট হচ্ছে আমানত, এই আমানতের খেয়ানত না করে সঠিকভাবে ভোট দেওয়ার মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এ নির্বাচনে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে এ এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.