প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার সঙ্গে গত চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনে পেশাদার ও বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া সেনাদের মধ্যে যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৫৫ হাজার জন প্রাণ হারিয়েছেন। তবে তিনি এটাও উল্ল্লেখ করেছেন যে, বিপুল সংখ্যক মানুষ বর্তমানে দাফতরিকভাবে নিখোঁজ রয়েছেন।
জেলেনস্কি যে সংখ্যার কথা জানিয়েছেন, তা ইউক্রেনের মোট ক্ষতির চেয়ে অনেক কম হতে পারে। ছয় মাস আগের তথ্য অনুযায়ী, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত আছেন, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছেন। তবে এই নিখোঁজদের মধ্যে কতজন সেনা, সেই তথ্য কখনও প্রকাশ করা হয়নি।
তথ্যটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এবং সেনাদের মনোবল রক্ষায় অনেক সময় নিহতের প্রকৃত সংখ্যা জানানো হয় না। অনেক মা আজও তাদের সন্তানদের ফিরে আসার অপেক্ষায় আছেন। রেড ক্রসের মতো সংস্থাগুলোর রুশ কারাগারে প্রবেশাধিকার সীমিত হওয়ায় অনেকে আশা করেন তাদের স্বজনরা হয়তো সেখানে বন্দি আছেন।
এদিকে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন।
স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হলেও অনেক কাজ বাকি আছে। বিশেষ করে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা কাটছে না। রাশিয়া ডনবাস অঞ্চলের বাকি অংশ ইউক্রেনকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে।
আবুধাবির আলোচনার সূত্র ধরে ৩১৪ জন বন্দিবিনিময়ের বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন উইটকফ। পাঁচ মাসের মধ্যে এটিই প্রথম এ ধরনের বড় বন্দি বিনিময়।
উল্ল্লেখ্য, ট্রাম্পের অনুরোধে এক সপ্তাহের বিরতি শেষে আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। তীব্র শীতে (মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস) ইউক্রেনের জ্বালানি খাতের ওপর হামলা চালানোয় হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।