কাতারে ১০বছর থাকার সুযোগ, কারা করতে পারবেন আবেদন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ নতুন রেসিডেন্সি প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে কাতার। এই প্রোগ্রামের আওতায় দেশটিতে ১০ বছর থাকতে পারবে প্রবাসীরা। ওয়েব সামিট কাতার ২০২৬-এ প্রোগ্রামটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশটির দীর্ঘমেয়াদি প্রবাসী আবাসন নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। মূলত উদ্যোক্তা ও শীর্ষ পর্যায়ের নির্বাহীদের লক্ষ্য করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।

কারা আবেদন করতে পারবেন: কাতার সরকারের নতুন প্রোগ্রামটি শুধুমাত্র দু’টি শ্রেণির জন্য সীমিত (উদ্যোক্তা ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা)। সাধারণ পেশাজীবী, ফ্রিল্যান্সার বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এটি উন্মুক্ত নয়।

উদ্যোক্তা ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা : উদ্যোক্তাদের অবশ্যই কাতারের বেসরকারি খাতের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসা গড়ে তুলতে হবে। রেসিডেন্সির আবেদনের যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের কাতার বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের (কিউএসএফটিপি) মতো স্বীকৃত কাতারি ব্যবসায়িক ইনকিউবেটর থেকে অনুমোদন পেতে হবে।

এছাড়া আবেদনকারীদের আর্থিক সক্ষমতাও প্রমাণ করতে হবে। এর মধ্যে রয়েছে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে কিনা ন্যূনতম ৩৬ হাজার ৫০০ রিয়াল (কাতারের মুদ্রা) বা ১০ হাজার মার্কিন ডলার ব্যালেন্স দেখাতে হবে। এই শর্তটি বিনিয়োগের বিকল্প হিসেবে নয়, বরং মৌলিক আর্থিক সক্ষমতা যাচাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

জ্যেষ্ঠ নির্বাহী : এই ক্যাটাগরিতে আবেদনের জন্য উচ্চপর্যায়ের নেতৃত্বের প্রয়োজন, যেমন চেয়ারম্যান, সিইও, সিএফও, সিউওও, সিটিও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। আবেদনকারীদের কাতারের ভেতরে বা বাইরে কমপক্ষে ৫ বছরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।

কীভাবে আবেদন করবেন : রেসিডেন্সির এই প্রোগ্রামটি বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে, এখনও আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে যোগ্যতার শর্তাবলি ইতোমধ্যে ‘ইনভেস্ট কাতার’র মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিকল্প পথ : কাতার ইতোমধ্যে রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্সি সুবিধা দিয়ে থাকে। অনুমোদিত ফ্রি-হোল্ড আবাসিক এলাকায় সাত লাখ ৩০ হাজার রিয়াল বা দুই লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে বিদেশিরা স্পন্সর ছাড়া নবায়নযোগ্য রেসিডেন্সি পারমিট পেতে পারেন। এছাড়া ৩৬ লাখ ৫০ হাজার রিয়াল বা ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে কাতারে স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published.