প্রশান্তি ডেক্স ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এরূপ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রেক্ষিতে গত শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।