প্রশান্তি ডেক্স ॥ ফজরের নামাজের পরই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কার কর্মসূচিতে নেমেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী মিরপুরের মনিপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত কয়েকটি স্থির চিত্র ও ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ফজরের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করছেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা তুলে নিচ্ছে। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন ডা. শফিকুর।
ভিডিওতে জামায়াত আমিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে। কর্মসূচির সময় জামায়াত আমির বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। এ কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দিব। আর ঢাকার বাইরে যেখানে যাবো সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করবো।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। কারণ জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।”