প্রশান্তি প্রশান্তি ॥ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের মূল বেদীসহ সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ শুরু হয়েছে।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ধুলোবালি পরিষ্কার করে মূল মিনার ও বেদীকে ধুয়ে নতুন রূপ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মিনারের বেশ কিছু অংশে সাদা রঙ্গের প্রলেপ পড়েছে।
এ কাজে নিয়োজিত কর্মীরা জানান, মিনারের মূল কাঠামোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। রং করার কাজ শেষ হলেই মিনারের পেছনে প্রতীকি লাল সূর্যটি স্থাপন করা হবে।
এদিকে শহিদ মিনারে অবস্থানরত লালবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আপন বলেন, “শহীদ মিনার বছরে একবার পরিষ্কার করা হয়, কিন্তু এই জায়গা অন্তত প্রতিমাসে একবার পরিষ্কার করা উচিৎ।”
সরেজমিনে দেখা গেছে, কেবল মূল মিনারই নয়, আশপাশের দেওয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত গ্রাফিতি তৈরির প্রস্তুতিও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও চলমান রয়েছে।