ড্রোন ও রকেট হামলায় ইসরায়েলে মুহুর্মুহু সাইরেন

প্রশাান্তি ডেক্স ॥ উত্তর ইসরায়েলের বিভিন্ন অংশে গত প্রায় দেড় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে সতর্কতাসূচক সাইরেন বেজে চলেছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এসব হামলার অন্তত কিছু অংশ লেবানন থেকে চালানো হয়েছে।

গত সোমবার ভোরের দিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করলে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েলও লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে।

গত বুধবার তৃতীয়বারের মতো জেরুজালেমের মধ্যাঞ্চলে নতুন করে সাইরেন বেজে ওঠে এবং একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া তেলআবিবেও সতর্কতাসূচক সাইরেন বাজার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের চিকিৎসকরা জানিয়েছেন, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে জেরুজালেম এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার তথ্য পাওয়া গেছে। লেবানন থেকে ছোড়া রকেটের কারণে সীমান্ত সংলগ্ন বেশ কিছু জনপদেও সাইরেন বেজে ওঠে, তবে সেখানেও কোনও হতাহতের খবর মেলেনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল, সেখানকার বেসামরিক নাগরিকরা এখন বোমা শেল্টার থেকে বের হতে পারবেন। তবে তাদের এখনও শেল্টারের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এপি ও টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published.