কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় চোরাই পণ্য আনার সময় বিজেবির ধাওয়ায় এক চোরাকাবারির পা ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সংঘর্ষের ঘটনা ঘটে। গত রোববার ৫ মার্চ বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়া সীমান্ত দিয়ে খাদলা গ্রামের কয়েকজন চোরাকারবারি পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার এস এস এক সদস্য তাদের ধাওয়া করেন। এ সময় এক চোরাকারবারি পড়ে গেলে তার পা ভেঙ্গে যায়। এ সময় গ্রামবাসী ওই বিজিবি উপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছাকাছি এক গ্রাম পুলিশের বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।
খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধারে চেষ্টা করলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই বিজিবি সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজেবির ৬০ ব্যাটেলিয়ানের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য নিয়ে আসার সময় বিজিবির এক সদস্য তাদের ধাওয়া করলে একজন মাটিতে পরে গেলে তার পা ভেঙ্গে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ওই বিজেপি সদস্যের উপর আক্রমণ চালায়। তিনি একটি ঘরে গিয়ে আত্মরক্ষা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যকে উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।