মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ছেলে কারাগারে

প্রশান্তি ডেক্স ॥ খুলনায় মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় করা মামলায় ছেলে মাসুম বিল্লাহকে (৩০) কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (আমলী আদালত রূপসা)-এর বিচারক অপূর্ব বালা। এর আগে তার জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

গত বুধবার রাতে মাসুম বিল্লাহকে রূপসার রামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার শামসুল হক ও সাহারা বানু দম্পতির ছেলে। ছেলের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন মা।

মামলার এজাহার, আদালত সূত্রে ও ভুক্তভোগী সাহারা বানুর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে বড় ছেলে মাসুম বিল্লাহ মায়ের ভরপোষণ দেওয়ার কথা বলে ১৬ কাঠা জমি নিজের নামে লিখে নেন। এরপর থেকে মায়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন ছেলে। প্রায়ই মাকে মারধর করতেন। আত্মীয়-স্বজন ও আপন ভাই-বোনদের বাড়িতে ঢুকতে দিতেন না। মাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতেন। উত্তরে মা জানিয়ে দেন স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না।

এতে ক্ষুব্ধ হয়ে গত ১ জানুয়ারি সকাল ১০টার দিকে সাহারা বানুকে গলা ধরে ঘর থেকে বের করে মারধর করেন ছেলে। এ সময় পুত্রবধূও মারধর করতে থাকেন এবং বাড়ি থেকে বের করে দেন। আহত সাহারা বানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। থানায় বিষয়টি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন মাসুম। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন মা। মামলাটি গ্রহণ করে ছেলেকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। গত বুধবার রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে নেওয়া হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published.