ঈদে কারাবন্দিরা পাচ্ছেন স্বজনের সাক্ষাৎ, ফোনে ফ্রি কথা বলার সুযোগ

প্রশান্তি ডেক্স ॥ সারা দেশের কারাগারগুলোতে ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন প্রায় ৮০ হাজার বন্দি। এবারের ঈদে কারাবন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ খাবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং ফোনে কথা বলার ব্যবস্থা করেছে কারা অধিদফতর।

কারা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

গত বুধবার (১৮ মার্চ) কারা অধিদফতর জানিয়েছে, ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। নির্ধারিত মেন্যু অনুযায়ী ঈদের দিন সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ দেওয়া হবে। এ ছাড়া পান – সুপারিও সরবরাহ করা হবে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘‘ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও বিশেষ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের এ বিশেষ খাবার পরিবেশন করা হবে।’’

তিনি বলেন, ‘‘ঈদের দিন সকালে সব কারাগারে বন্দিদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ঈদের তিনদিন বন্দিরা স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। পাবেন স্বজনদের আনা খাবারও। এছাড়া স্বজনদের সঙ্গে ফ্রিতে তিন মিনিট করে ফোনে কথা বলার সুযোগও পাবেন বন্দিরা। ঈদকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টিতে থাকছে সাংস্কৃতিক বিনোদনের ব্যবস্থাও।’’

Leave a Reply

Your email address will not be published.