প্রশান্তি ডেক্স ॥ পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

‘মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনও অবদান ছিল না’ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা। একইসঙ্গে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাৎক্ষণিক দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
বীর মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী বক্তব্য দেওয়ার সময় মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনও অবদান ছিল না। তার এই মন্তব্যের পরপরই অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানান এবং অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। উত্তেজনাকর পরিস্থিতিতে অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বীর মুক্তিযোদ্ধারা এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতা দিবসের মতো পবিত্র দিনে এমন ইতিহাস বিকৃতি মেনে নেওয়া যায় না। তবে এ বিষয়ে জেলা প্রশাসন বা সংষ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।