১২মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে রদবদল

প্রশান্তি ডেক্স ॥ সরকার ১২টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল করেছে। গত বুধবার (২৫ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরোয়ার ভূইয়াকে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের এসবিএস ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, খুলনার বিভাগীয় কমিশনার মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওসারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এদিকে, এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নেয়ামত উল্লাহ ভূইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, চারটি মন্ত্রণালয়ের সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.