৩১মার্চ থেকে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু

প্রশান্তি ডেক্স ॥ আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে প্রাক্‌-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩১ মার্চ থেকে শুরু হওয়া এ আলোচনা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে ধারাবাহিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ, গবেষক, পেশাজীবী ও সাংবাদিকরা অংশ নেবেন। সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা তাদের বাজেট প্রস্তাব, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরবেন আলোচনায়।

প্রতিবছরের মতো এবারও বাজেট প্রণয়নের আগে অংশীজনদের মতামত সংগ্রহে উদ্যোগ নিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ। এসব বৈঠকে বিশেষ করে ব্যবসায়ী সংগঠনগুলো খাতভিত্তিক কর ও শুল্ক সংক্রান্ত প্রস্তাব ও যুক্তি উপস্থাপন করবে। এসব মতামত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করবে এনবিআর।

এর আগে চলতি মাসের শুরুতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে লিখিতভাবে বাজেট প্রস্তাব আহ্বান করা হয়। তাদের ১৫ মার্চের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল। প্রাক্‌-বাজেট আলোচনা শেষে আগামী ২৯ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে একটি পরামর্শক সভা অনুষ্ঠিত হবে।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব আহরণ নীতি নির্ধারণ ও বাজেট প্রণয়নে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সংগত বাজেট প্রণয়নের লক্ষ্য রয়েছে সংস্থাটির।

Leave a Reply

Your email address will not be published.