কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলমপুর-চন্ডিদ্বার এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা আনুমানিক ৫ -৩০ মিনিটে নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে আলমপুর-চন্ডিদ্বার এলাকার আবুল কালাম আজাদ (পিতা: জাহের মিয়া) এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় তাকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।