প্রশান্তি ডেক্স॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের আবাসিক সিট বাতিল করেছে বিজয় একাত্তর হল প্রশাসন। গত বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য এলাকায় ২৪ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত থাকার কারণে তুষারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় মাসের জন্য বহিষ্কার করেছে। প্রক্টর অফিসের ১০ মার্চের স্মারকের আলোকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে তুষারকে হলের পরিচয়পত্র, কক্ষের চাবি ও অন্যান্য সামগ্রী জমা দিয়ে হল ত্যাগ করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন ২৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১০ মার্চ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।