লেবাননকে যুদ্ধ বিরতির আওতায় আনার দাবি রাশিয়ার

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি অবশ্যই লেবাননের ক্ষেত্রেও কার্যকর হতে হবে বলে দাবি জানিয়েছে রাশিয়া। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ইসরায়েলি ঘোষণার পর মস্কোর পক্ষ থেকে এই দাবি জানানো হলো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

ফোনালাপের বিষয়ে মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘মস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই চুক্তির একটি আঞ্চলিক মাত্রা রয়েছে এবং বিশেষত এটি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য।’

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক পৃথক বিবৃতিতে লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরায়েলের এ ধরনের আগ্রাসী কর্মকান্ড বর্তমানে শুরু হওয়া আলোচনা প্রক্রিয়াকে নস্যাৎ করার হুমকি তৈরি করছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল দাবি করেছে যে লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। এরপর থেকেই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইরান হুমকি দিয়েছে লেবাননে হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যেতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published.