ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপে সহায়তা করার প্রস্তাব দেয় রাশিয়া

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহায়তার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এক ফোনালাপে পুতিন বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত বিষয়ে সহযোগিতার এই আগ্রহ প্রকাশ করেন। তবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে সাহায্য নেওয়ার আগে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ওভাল অফিসে সিএনএন-এর কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সাহায্য করতে চান। আমি বলেছি, আপনি আমাকে সাহায্য করার আগে আমি আপনার যুদ্ধ শেষ করতে চাই।

পুতিনের সঙ্গে ফোনালাপকে ‘খুবই ভালো’ হিসেবে অভিহিত করে ট্রাম্প আরও জানান, ইউক্রেন সংঘাতের একটি সমাধান ‘তুলনামূলক দ্রুত’ চলে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন আমাকে বলেছেন যে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চান। এটি পেতে তিনি আমাদের সাহায্য করতে পারেন।

উল্লেখ্য ২০১৫ সালের জেসিপিওএ  চুক্তির আদলে এর আগেও ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দিয়েছিল মস্কো।

ইরান তাদের ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাবে কি না, গত বুধবার এমন সম্ভাবনা সরাসরি নাকচ করেননি ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমানে তার বেশি আগ্রহ ইউক্রেন যুদ্ধের সমাধানে।পুতিন প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। আমার মনে হয় তিনি বেশ কিছুদিন আগেই একটি চুক্তিতে আসার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু কিছু মানুষ তার জন্য চুক্তি করাটা কঠিন করে তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published.