কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যাকান্ডের প্রধান আসামি আব্দুল আউয়ালকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার শেরে বাংলা নগর এলাকায় র্যাব-১ ও র্যাব-৯-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি চৌকস দল তাকে ঘিরে ফেলে। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ কসবা উপজেলার নিজ বাড়ি থেকে দ্বীন ইসলামকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রধান আসামি পলাতক থাকায় এলাকায় তীব্র জনক্ষোভ সৃষ্টি হয়েছিল। গ্রেপ্তারকৃত আব্দুল আউয়ালকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে । র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের নেপথ্যের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র্যাব।