কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ ১৪৪ ধারা বহাল থাকবে।
ইউএনও জানান, কুটি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একই স্থান ও সময়ে পৃথক দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এক পক্ষ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। আরেক পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, কুটি বাজারে বিএনপির দুই পক্ষের দুটি কর্মসূচি একই জায়গায় হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার শঙ্কায় ইউএনও ১৪৪ ধারা জারি করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।