কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার তার হারানো দায়িত্ব ফিরে পেলেন। মাদ্রাসা বোর্ড ও প্রশাসনের নির্দেশে ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলী সরকার, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মানিককে গত রবিবার (১৪ জুন) সকাল ১০ টায় তার স্বপদে দায়িত্ব বুঝিয়ে দেন।

জানা যায় ২০১৯ সালে মিথ্যা অভিযোগ এনে একটি স্বার্থান্বেষীমহল একাধিক মামলা মোকদ্দমা করে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমকে দিয়ে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
এ ঘটনায় মাওলানা মানিক বেশ কিছুদিন কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আইনি লড়াইয়ে অবতীর্ণ হন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ অন্যান্য সকল মামলা মিথ্যা প্রমাণিত হলে তাকে কর্তৃপক্ষ পুনরায় স্বপদে বহাল করার নির্দেশ দেন।
গত রবিবার সকালে আজগর আলী দাখিল মাদ্রাসার অফিসকক্ষে কুটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়ার সভাপতিত্বে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন; বিএনপি কুটি ইউনিয়ন সভাপতি মোঃ শাহিন ভুঁইয়া,ফিরোজ মিয়া,অনু মিয়া, জহির মিয়া,এলিম মিয়া প্রমুখ।
বিগত পাঁচ বছরে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মানিক সকলের সহযোগিতা কামনা করেছেন।