ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলে রাব্বি তারেক, যুবনেতা শাহিদুল খান, মো. জসিম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ সবুজ খান জয়, মাহাবুব খান, মো. জামাল উদ্দিন, আবুল কাশেম, শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।