কসবায় ১০৪কেজি গাঁজাসহ ২কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলে তার ফেলে যাওয়া আরও ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গত বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মঞ্জুরুল ইসলাম (পিতা: মো. শফিকুল ইসলাম) এবং একই উপজেলার ধোপাগাছিনা গ্রামের মো. রিয়াজুল ইসলাম (পিতা: মো. ইছহাক মিয়া)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলে তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.