মেহেরপুরে ফুটবল মাঠে খেলোয়াড়ের মৃত্যু

প্রশান্তি ডেক্স॥ মাত্র কয়েক মিনিট আগেও বন্ধুদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছিল সে। কখনও বল কাড়ছিল, কখনও সতীর্থকে পাস দিচ্ছিল। চারদিকে তখন বিকালের মাঠজুড়ে ফুটবলের উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার একপর্যায়ে হঠাৎ বুক চেপে ধরে মাঠেই লুটিয়ে পড়ে ১৭ বছরের রাব্বি। আতঙ্কিত বন্ধুরা তার কাছে ছুটে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের একটি বাক্যেই থেমে যায় সব আশা, রাব্বি আর নেই।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার আজান গ্রামের মিজার আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বিকালে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যায় রাব্বি। খেলা চলার একপর্যায়ে হঠাৎ সে বুকে তীব্র ব্যথা অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই মাঠের মধ্যেই সে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবনের প্রদীপ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার আগেই রাব্বির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’’

Leave a Reply

Your email address will not be published.