হরমুজ দিয়ে গোপন অভিযানে তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চলমান যুদ্ধের স্থবিরতার মধ্যেও মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে অত্যন্ত গোপনে শিপিং করিডোর তৈরি করে দৈনিক লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দুজন মার্কিন কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই অভিযানের অধীনে প্রতি রাতে ওমান উপকূলবর্তী দক্ষিণ প্রণালি দিয়ে ১৫ থেকে ২০টি তেলের ট্যাংকার যাতায়াত করছে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল বিশ্ব বাজারে সরবরাহ করা হচ্ছে, যা যুদ্ধপূর্ব পরিমাণের প্রায় অর্ধেক।

ইউএস সেন্ট্রাল কমান্ডের সাম্প্রতিক দুই সপ্তাহের এক সামরিক অভিযানে ইরানের রাডার ও নৌ-পর্যবেক্ষণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই গোপন পরিচালনা সম্ভব হয়েছে। এর ফলে ইরানি বাহিনী বর্তমানে অনেকটাই ‘অন্ধ’ হয়ে পড়েছে। তবে ইরানি রেভোল্যুশনারি গার্ডের ছোট নৌকার স্পটার ও সচল কয়েকটি রাডারের মাধ্যমে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা ব্যর্থ করে দিচ্ছে। সম্প্রতি মার্কিন বাহিনী ইরানের ৮টি ড্রোন এবং ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে।

উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে মার্কিন সেনাবাহিনীর হেডকোয়ার্টার্স সমন্বিত এই টাস্কফোর্স পরিচালনা করছে। তারা প্রতিদিন খালি ও তেলবাহী জাহাজের তালিকা তৈরি করে সুনির্দিষ্ট সময়ে কনভয় আকারে যাতায়াত নিশ্চিত করছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা দুই মাস ধরে হরমুজ প্রণালির দক্ষিণ লেন নিয়ন্ত্রণ করছি। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড শঙ্কা তৈরি করতে পারে, তবে প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে নেই, আমাদের হাতে। গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল বের হয়ে আসছে।

ইরানের সঙ্গে বর্তমান সময়ে কোনও আলোচনা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেছিলেন, তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। ইরানিদের এখনও কিছু লড়াইয়ের সক্ষমতা থাকলেও সার্বিকভাবে তারা এখন কেবল একটি খোলসমাত্র।

Leave a Reply

Your email address will not be published.