কসবায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামে নিজেকে কখনও পিবিআই, কখনও ডিবি আবার কখনও পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম মো. শরিফ উদ্দিন রেজভি।

গত রোববার (৪ অক্টোবর) বিকেলে প্রতারণার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করেন। পরে সন্ধ্যায় তাকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আটক যুবক মো. শরিফ উদ্দিন রেজভি কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, শরিফ উদ্দিন রেজভি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করতেন। তার পরনে পুলিশের বুট এবং কোমড়ে পিস্তল রাখার ব্যাগ ছিল বলেও স্থানীয়রা জানান। ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট নয়ন নাজির জানান, পুলিশের বুট ও কোমড়ে পিস্তল রাখার ব্যাগ পরিহিত এক ব্যক্তি নিজেকে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে কয়েকজনের নাম-ঠিকানা জানতে চাইলে তার সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে একজন আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট আইনজীবীকে ফোন করা হলে তিনি ওই ব্যক্তিকে নিজের সহকারী নন বলে জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

অ্যাডভোকেট নয়ন নাজির আরও জানান, ওই ব্যক্তি আদালতের মামলার ফাইলিং থেকে বাদী-বিবাদীর নাম, ঠিকানা ও ছবি সংগ্রহ করে সেগুলো প্রিন্ট করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব তথ্য ব্যবহার করে কখনও পিবিআই, কখনও ডিবি আবার কখনও পুলিশ পরিচয়ে গ্রামের সহজ-সরল মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ করেন তিনি। একই গ্রামের অটোরিকশাচালক অহিদ আলী বলেন, আমার মেয়ের নামে নাকি মামলা আছে এমন কথা বলে ওই ব্যক্তি আদালতের কাগজ দেখান। পরে আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তিন হাজার টাকায় দফারফার কথা হয়। আমি এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে শরিফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.