ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (৭ নভেম্বর) বিপ্লব-সংহতি দিবসে কমিটি গঠনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ সাংবাদিক, পথচারীসহ ২০জনের আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

বিবৃতিতে আতাউর রহমান সরকার বলেন,সভা- সমাবেশ রাজনৈতিক অধিকার। কিন্তু সভা- সমাবেশের নামে কসবায় গত ১ নভেম্বর থেকে এক অরাজকতা সৃষ্টি হয়েছে। আজ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি,এক গ্রুপ অপর গ্রুপের উপর হামলা চালানোর ঘটনায় ২০ জনের বেশি আহতের খবর পেয়েছি। যা শুধু উদ্বেগ জনকই নয়। কসবার সাধারণ মানুষের জন্য কসবা পৌর শহরে আসা এবং ঘর থেকে বের হওয়া অনিরাপদও বটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এভাবে অস্ত্রের মহড়া, একে অপরের উপর হামলে পড়ার ঘটনা দু:খজনক। সাথে সাথে উদ্বেগের খবর হলো ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষ ঘটনায় সাধারণ মানুষকে আসামি করে থানায় অভিযোগ দায়েরের মতো দু:খজনক ঘটনাও ঘটছে।
তিনি অবিলম্বে কসবার পরিবেশ শান্ত রাখার জন্য জনগণের নিরাপত্তা ব্যাঘাতের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। আতাউর বলেন, দু:খ লাগে যারা জনগণের নিরাপত্তা দেয়ার কথা তাদের কাছে কসবা আজ অনিরাপদ হয়ে উঠেছে।