যৌথ বাহিনীর টহল জোরদারে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

প্রশান্তি ডেক্স॥ সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিজিবি মোতায়েন এবং যৌথ বাহিনীর টহল জোরদারের পর গত সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

তবে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

এর আগে, গত রবিবার (১৫ নভেম্বর) দিনভর জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব সহিংস কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সময় বিএনপি নেতাদের বাড়িঘর ভাংচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে জেলায় বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত রবিবার রাতে জেলার তিন থানার ওসি বদলি করা হয়েছে। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.