আল্লামা মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৭নভেম্বর বাদ জুমআ অনুষ্ঠিত হয়

শেখ ফাহিম ফয়সাল ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মিষ্টভাষী বক্তা মরহুম আল্লামা হযরত মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী পীর সাহেব (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার বাদ জুমা আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের সভাপতিত্ব  করেন মরহুম পীর সাহেবের বড় ছেলে হযরত মাওলানা হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী। আড়াইবাড়ী সাইয়্যেদা সুরাইয়া হাফেজী ও নূরানী মাদরাসার সার্বিক ব্যবস্থাপনায় দেশ বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ আনেন।

মাদরাসার মুতামিম মাওলানা মাজহারুল ইসলাম জানান, আলোচনা সভায় মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তারে অবদান, আড়াইবাড়ী দরবারের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় তাঁর ভূমিকা এবং তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও দরবারের শুভাকাক্সক্ষীবৃন্দ।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়া করা হয়।

মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ.) ছিলেন আড়াইবাড়ী দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (রহ.)-এর পৌত্র এবং হযরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানী (রহ.)-এর তৃতীয় পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই মহান আলেম ২০০৪ সালে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় আড়াইবাড়ী মাদরাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে। তিনি ২০২০ সালের ২১ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আয়োজকদের পক্ষ থেকে মাহফিলে দরবারের সকল ভক্ত, মুরিদান, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকায় বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.