মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ

প্রশান্তি ডেক্স॥ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ পুরোপুরি কাটেনি। গত বুধবারও (২৫ নভেম্বর) বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বন্ধের ঘটনা ঘটেছে। এদিন শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন এবং আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, দুটি কারখানা অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

গত বুধবার সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

এর আগে গত মঙ্গলবারও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষ দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত জনবল নিয়ে সতর্ক অবস্থানে ছিলেন। গত বুধবার ভোরে মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণ করলেও শিল্পাঞ্চলের সব কারখানায় এর প্রভাব পড়েনি।

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ২২ কারখানা : শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা ২২টি কারখানার মধ্যে রয়েছে আউটলেট স্টিচ লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নীট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মন্ডল নীটওয়্যার লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড ও নেক্সট কালেকশন লিমিটেড।

এ ছাড়া বন্ধ রয়েছে হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, ভার্চুয়াল বটমস লিমিটেড, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, ইসলাম ড্রেসেস লিমিটেড (ইসলাম গ্রুপ), ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইসলাম গ্রুপ), পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড, ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড, লুসাকা গ্রুপ ও আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড (আল-মুসলিম গ্রুপ)।

১০ কারখানায় কর্মবিরতি, সাধারণ ছুটি আরও ১০টিতে : গত বুধবার ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কারখানাগুলো হলো স্ট্যান্ডার্ড গ্রুপ, ডং লিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ইএসকেই ক্লোথিং লিমিটেড, ম্যাংগো টেক্স, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (আংশিক), কমফিট কম্পোজিট নিট লিমিটেড, কাজিপুর ফ্যাশন লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ), ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জিহান গ্রুপ) ও ফান ফ্যাক্টরি লিমিটেড।

একই দাবিতে গত বুধবার আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এগুলো হলো কন্টিনেন্টাল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড, সিগমা ফ্যাশন লিমিটেড, আফিয়া নীটওয়্যার লিমিটেড, অরুনিমা গ্রুপ, অ্যাক্টিভ কম্পোজিট লিমিটেড, সাউদান গার্মেন্টস লিমিটেড, ব্যাবিলন ক্যাজুয়ালওয়্যার লিমিটেড, অবনী ফ্যাশন লিমিটেড, তাহারাত নীট কম্পোজিট ও গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লিমিটেড।

এ ছাড়া আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস রোডে অবস্থিত গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লিমিটেডেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের আগে উত্তেজনার আশঙ্কা : এর আগে গত মঙ্গলবার শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। সকালে কারখানাগুলোতে শ্রমিকেরা প্রবেশ করলেও কয়েকটিতে উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। একই সময়ে হামীম, এনভয়সহ নীট এশিয়ার মতো কয়েকটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল।

গত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মজুরি বোর্ডের আগের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গত বুধবার পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছিলেন, মজুরি বোর্ড গঠন, এর কার্যক্রম এবং মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ শ্রমিকের স্পষ্ট ধারণা নেই। তাদের ধারণা, বোর্ড গঠনের অর্থই মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়া। কিন্তু বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন এবং দর-কষাকষির প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় বিভিন্ন গণমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির অঙ্ক প্রকাশের পর শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরির আশঙ্কা ছিল।

ওই কর্মকর্তা আরও বলেন, তৃতীয় একটি পক্ষ শ্রমিকদের এই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত জনবল নিয়ে সতর্ক অবস্থানে ছিলেন।

এদিকে গত বুধবার ভোরে প্রায় ১২ ঘণ্টার আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ফলে নতুন সিদ্ধান্তে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। শ্রমিক প্রতিনিধিরা ১৮ হাজার টাকা দাবি করলেও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে নতুন মজুরির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.