প্রশান্তি ডেক্স ॥ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট সংলগ্ন সৈকত এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে সৈকতের তীরে দুটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই রোহিঙ্গা।
তিনি আরও জানান, লাশগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটন ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।