প্রশান্তি ডেক্স ॥ আবারও পাঁচ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে একটি ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরার পর জেলেরা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।
আটক জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) ও মৃত হোসেনের ছেলে ইউনুস (৪০)। এর আগে গত সপ্তাহে ১০জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে কমপক্ষে দুই শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফায় ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তিতে জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।