প্রশান্তি ডেক্স ॥ যেকোনও ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের সরকারের কাজ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেবল অপারেটরদের বিভিন্ন ধরনের সমস্যার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা এখন ইন্টারনেটভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি। আইপি টিভি, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সারা পৃথিবীতে ক্যাবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে তথ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মাধ্যমে ক্যাবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্পখাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা।
তথ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান।