কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড) স্থাপনের প্রস্তাবটি গৃহীত হয়েছে বলে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী পরিচালক (বিনিয়োগ ও উন্নয়ন) মোঃ তানভীর হোসেন গত রবিবার (২৯ মার্চ) এক চিঠিতে জানিয়েছেন। এ উপলক্ষে প্রাথমিকভাবে একটি স্থাপনা তৈরীর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কসবায় ইপিজেড প্রতিষ্ঠিত হলে এলাকায় শিল্পায়নের গতি বাড়বে এবং বিপুল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি হবে তেমনি উপজেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে কসবায় ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন।