প্রশান্তি ডেক্স ॥ স্নায়ুচাপের লড়াই সামলে শেষ পর্যন্ত টাইব্রেকারে শেষ হাসি হেসেছে বাংলাদেশের তরুণরা। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়ে দেশে ফিরছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দল। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে তাদের জন্য থাকছে ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি টাইব্রেকারে গড়ানো টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। গোলকিপার মাহিন ভাগ্য পরীক্ষার সেই মুহূর্তে একটি শট রুখে দেন। আর শেষ শটে পানেনকা কিকে গোল করে রোনান বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন।
এবার ট্রফি নিয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরছে দল। ঢাকার এয়ারপোর্ট থেকে বাফুফে ভবন পর্যন্ত তারা ছাদখোলা বাসে করে আসবেন। সেখানে তাদের সংবর্ধনাও দেওয়া হবে। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছে।
২০২২ সালে নারীদের সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা খাতুনরা ছাদখোলা বাসে করে ঢাকা শহর প্রদক্ষিণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার রোনান সুলিভান-মুর্শেদরাও ছাদখোলা বাসে করে শহর ঘুরে বাফুফে ভবনে আসবেন।
এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। তবে টাকার অংক এখনও জানানো হয়নি।