কসবা-ব্রাহ্মণপাড়া সীমান্তে প্রায় ১কোটি ৯০লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা উপজেলা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শনিবার (৪ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় শশীদল, বড়জ্বালা ও খাদলা বিওপির টহল দল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা ও বাজি এবং বিভিন্ন প্রকার ঔষুধ।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.