প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সংসদে শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলতে এমপিদের নির্দেশনা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি নতুন সদস্যদের উদ্দেশে বলেন, “রুলস অব প্রসিডিউর বইটা ভালোভাবে পড়ে ইকুইপ হয়ে তারপরে দাঁড়াবেন।”

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধিবেশনে স্পিকার বলেন, অনেক সদস্য সংসদে প্রবেশ ও বের হওয়ার সময় চেয়ারের প্রতি কোনও সম্মান প্রদর্শন করেন না, যা প্রচলিত নিয়মের পরিপন্থি। তিনি জানান, ঢোকা ও বের হওয়ার সময় চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করা বিশ্বব্যাপী সংসদের প্রচলিত রীতি।
এছাড়া অধিবেশন চলাকালে স্পিকার ও বক্তার মাঝ দিয়ে চলাচল, দর্শক গ্যালারির সঙ্গে হ্যান্ডশেক করা এবং মোবাইল ফোনে কথা বলার মতো আচরণকে অনভিপ্রেত উল্লেখ করেন তিনি। এসব আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান স্পিকার।
তুচ্ছ ঘটনায় টেঁটা নিয়ে মাঠে নামার দেশও ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে স্থানীয়দের দেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শুধু কীর্তন, বাউল গান, ছানামুখী মিষ্টি আর হাওড়ের জন্যই পরিচিত নয়, তুচ্ছ ঘটনায় টেঁটা নিয়ে মাঠে নামার দেশও এটি।
গত বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও শচীন দেব বর্মণের জন্ম হয়েছে, তেমনি ধীরেন্দ্রনাথ দত্ত ও অলি আহাদের মতো সংগ্রামী ব্যক্তিত্ব জন্ম নিয়েছেন, যাদের অবদানে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে।”
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে সেখানকার মানুষকে দিতে হবে, এরপর তা অন্য এলাকায় সরবরাহ করা উচিত।
সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করা উচিত : সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা দেখাতে সংসদকেও লোডশেডিংয়ের আওতায় আনা উচিত।
গত বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তিনি বলেন, ঢাকার অন্যান্য এলাকায় যেমন লোডশেডিং হয়, সংসদ ভবনেও তেমনই হওয়া উচিত। এতে মানুষ বুঝবে সবাই সমানভাবে এই সংকট মোকাবিলা করছে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, অধিবেশন চালু রাখতে হবে। জবাবে শফিকুর রহমান জানান, তিনি অধিবেশন চলাকালীন নয়, বরং অন্যান্য সময় সংসদ ভবনে লোডশেডিংয়ের কথা বলেছেন।