প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিচালিত নৌ-অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলোকে রিয়াদের আকাশসীমা ব্যবহার বা দেশ থেকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সৌদি আরব। সৌদির এই আপত্তির মুখে হরমুজে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার বিশেষ নৌ-অভিযান স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা দেওয়ার পর সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ অবাক হয়েছিল। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তবে কোনও সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
সৌদি আরবের একটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, রিয়াদ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। অভিযানটি সৌদি নেতাদের অপ্রস্তুত করেছে কি না, এমন প্রশ্নে সূত্রটি জানায়, ঘটনাগুলো খুব দ্রুত বাস্তব সময়ে ঘটছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, আঞ্চলিক মিত্রদের আগেভাগেই বিষয়টি জানানো হয়েছিল। তবে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক জানান, ওমানের সঙ্গেও ট্রাম্পের ঘোষণার আগে কোনও সমন্বয় করা হয়নি।ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে ঘোষণা দিয়েছে, এরপর আমাদের সঙ্গে সমন্বয় করেছে। তবে এতে তারা ‘ক্ষুব্ধ বা অসন্তুষ্ট’ ছিলেন না বলেও জানান তিনি।