কসবায় বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার থেকে ৪৩বোতল হুইস্কিসহ ১ কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৩ বোতল হুইস্কিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ ইং রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম নয়নপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৪৩  বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রাকিবুল ইসলাম রাকিব (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আবু নাছিরের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত হুইস্কিগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.