কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে সকাল থেকে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

জানা যায়, কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগমকে কসবা হজ্ব কাফেলার মাধ্যমে ওমরা পালনের জন্য সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরার পথে তার সঙ্গে থাকা একটি লাগেজ হারিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাঈমের সঙ্গে হজ্ব কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাকবিতন্ডা শুরু হয়। গত ১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটে।
পরে দুই গ্রামের লোকজন মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের অনুসারীদের জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত শনিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে প্রায় ১২০ জন লোক আহত হয়েছে । এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজমিন সুলতানা বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।