কসবায় রেলওয়ে স্টেশন মাস্টারের উপর হামলা, আটক -১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর এবং রেলওয়ের বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাংচুরের ঘটনায় সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার (২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

আহত স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে থামার পর ব্রাজিলের জার্সি পরা সমর্থক সুমন মিয়া তার কক্ষে ঢুকে টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজিত আচরণ করেন।

তিনি দাবি করেন, টিকিট না থাকায় তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্টেশন মাস্টারের কাছে কৈফিয়ত চান। তখন স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) ও রেলওয়ে পুলিশের; এ বিষয়ে স্টেশন মাস্টারের কোনো ভূমিকা নেই।

এ কথা বলার পর সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকি-সহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাংচুর করেন।

পরে স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্তকে আটক করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকিট ছাড়া ভ্রমণের দায়ে জরিমানা করাকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published.