কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান।

গত শনিবার (২০ জুন) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয় মাঠে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ল্যাব উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমরা মাত্র তিন মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তি ও গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আইন সংশোধন ও আরও কঠোর করা হবে। তখন আপনারা এর বাস্তব ফলাফল দেখতে পাবেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কসবা-আখাউড়া অঞ্চলে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুশফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান এবং আশফাক জামিল রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান বক্তারা।