কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার আলোচিত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৪৮)-কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে কসবা থানায় নিয়ে আসা হয়।
তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে পূর্ব বিরোধের জেরে উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫)-এর ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার পর কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের গ্রামবাসী প্রধান আসামি মোহাম্মদ আলীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা শারমীন মলি বাদী হয়ে মোহাম্মদ আলী, তার স্ত্রী হেনা বেগমসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কসবা থানার এফআইআর নং-১৬ (তারিখ: ৮ জুলাই ২০২৬) হিসেবে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
কসবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন।
কসবা থানার পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।