ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মাদক ও চোরাকারবারিদের কোন জায়গা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

তিনি বলেন, যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে। মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় অভিভাবক ও দলীয় নেতাকর্মীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুশফিকুর রহমান এমপি।
তিনি বলেন, এ বছর যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, ভবিষ্যতে তাদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আবার কেউ আইনবিদ হবে। এসব মেধাবী শিক্ষার্থী যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সদস্য হানিফ খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি নাছির উদ্দীন হাজারী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, সহসভাপতি মো. সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, যুবদল নেতা সাহিদুল খাঁ, ছাত্রদল নেতা রাজু আহমেদসহ কসবা পৌরসভা ও ১০ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।