কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গভীর রাতে ব্রিজের ওপর বসেছিল ডাকাতির প্রস্তুতি। হাতে ছিল রামদা ও চাইনিজ কুড়াল। তবে পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের অভিযানে ধরা পড়েছে কথিত ডাকাত দলের ৬ সদস্য।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌরাস্তার মোড়ে ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে কসবা থানা পুলিশ।
পুলিশ জানায়, কসবা থানার জিডি নং-৮৬৩-এর সূত্র ধরে এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) ও সুজন মিয়া (৫৫) কে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি রামদা ও ৩টি চাইনিজ কুড়াল। এছাড়া পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় কসবা থানায় দন্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।