কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে মালয়েশিয়ার একটি বাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে একটি বাগানে কাজ করতেন তিনি।
নিহতের বড় ভাই মো. খোকন মিয়া জানান, গত সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে সহকর্মীরা হিরনের মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন অনেক ঋণ করে কষ্ট করে বিদেশে গিয়েছিলেন। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক ঘটনায় পরিবারটি শোকের মধ্যে রয়েছে।
চার ভাইয়ের মধ্যে হিরন ছিলেন সবার ছোট। বিদেশ যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণির ছাত্র। দুই মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণি এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়ছে।
হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী হেপি আক্তারের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।