প্রশান্তি ডেক্স॥ দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১৪ জন। এরমধ্যে এক হাজার ১৩২ জন সন্দেহজনক এবং ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত। তবে এসময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মার্চ থেকে এখনও পর্যন্ত ২১ হাজার ৬০২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এছাড়া, ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
এখনও পর্যন্ত হাম উপসর্গে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১১১০ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং সন্দেহজনক হামে এক হাজার ৯ জন।
অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৪৯ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মত্যু হয়েছে ১৪৮ জনের। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।