মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত

প্রশান্তি ডেক্স॥ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে পটুয়াখালী জেলা বিএনপি। গত বুধবার (৭ অক্টোবর) পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকান্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে চুরির অভিযোগে মা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপি।

ওই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। জেলা বিএনপি অভিযোগটি দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থি বলে উল্লেখ করেছিল।

কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জারি করা ওই নোটিশে জমি বিরোধ সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়ার কথাও নোটিশে উল্লেখ ছিল। তবে জেলা বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে কারণ দর্শানোর প্রক্রিয়া শেষে দুই জনেরই নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেছেন, আদালতের মামলার বিষয়টি তার জানা ছিল না; পরে জানতে পেরেছেন এবং জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা বিএনপির চিঠিতে আরও বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পদ স্থগিতের সিদ্ধান্ত অদ্য থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published.