কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিণপাড়া আব্দুল মতিন মিযার বাড়িতে দুধর্ষ ডাকাতের ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কসবা থানা পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে মুখোশ পরে ওই বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় দুই বাড়ি থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, চারটি স্মার্টফোন ও টর্চ লাইটসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাই ।
ভুক্তভোগী দুলাল মিয়ার স্ত্রী ও ছেলের বউ জানান, গত রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতেরা। পরে স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে মালয়েশিয়া প্রবাসী ওয়াসিমের স্ত্রী বলেন অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘর থেকেও নগদ ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণ সহ প্রায় এক লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কসবা থানার ওসিকে ফোন করে না পাওয়ায় বিস্তারিত জানা যায়নি। পরে কসবা থানার সেকেন্ড অফিসার এসআই হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।